চট্টগ্রামের আনোয়ারা উপজেলা বিএনপি ও দক্ষিণ জেলা যুবদলের ত্যাগী নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর একটি রেস্তোঁরার হলরুমে এ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিন।
তিনি বলেন,‘শেখ হাসিনা দেশত্যাগ করে পালিয়ে যাওয়ার পর থেকে আনোয়ারা উপজেলা বিএনপি ও দক্ষিণ জেলা যুবদলের ত্যাগী নেতাদের নিয়ে অযাচিত মন্তব্য ও মিথ্যা বানোয়াট বক্তব্যের মাধ্যমে বিএনপির ঐক্য বিনষ্ট করতে একটি পক্ষ রাজনৈতিক স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে মাঠে নেমেছেন। তারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান চৌধুরী, সদস্য মো. জসিম উদ্দিন, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো.শাহজাহান, তথ্য ও গবেষণা সম্পাদক এস এম আবদুল্লাহ হারুন চৌকনসহ বেশ কিছু নেতার বিরুদ্ধে মিথ্যা,বিভ্রান্তিমূলক, বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রচার করে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছেন।
তিনি আরও বলেন,আওয়ামী সরকার আমলে আনোয়ারায় যখন বিএনপির নেতৃত্ব শূন্য হয়ে পড়েছিল, তখন থেকেই অদ্যাবধি মামলা, হামলা,জেল-জুলুম এমনকি ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলাসহ নির্যাতনের শিকার হয়েছেন এই নেতারা। আমি নিজেও ১৪টি গায়েবি মামলার আসামি এবং একাধিকবার কারা ভোগ করেছি। ওই সময় আমরা বিএনপি ত্যাগ করিনি বরং দলকে সুসংগঠিত করেছি। আজ সুবিধাভোগীরা দলের সুসময়ে নেতৃত্ব হাতে নেওয়ার জন্য নেতাদের বিরুদ্ধে অপচেষ্টা চালাচ্ছেন। ফটোকপির দোকানদার ও আওয়ামী লীগের দোসর সাব্বিরকে দাবার গুটি বানিয়ে কুচক্রীমহল আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে অপপ্রচার চালাচ্ছেন। তাদের মিথ্যা বক্তব্য প্রত্যাহার করা না হলে আমরা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বন্দর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি জহির আহমদ, সহ-সভাপতি জহির উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা মো. হেমায়েত, বাল্লা মিয়া প্রমুখ।