সড়কের পাশে ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ছোট-বড় স্থাপনা ও দোকানপাটের কারণে কুমিল্লা নগরীতে দেখা দিয়েছে যানজট। সেই সঙ্গে অবৈধ যান দখল করে নিয়েছে সড়ক। যার কারণে দেশের গুরুত্বপূর্ণ জেলা শহর কুমিল্লায় সকাল থেকে রাত পর্যন্ত যানজট লেগেই থাকে।
নগরবাসীর অভিযোগ, যত্রতত্র ছোট-বড় গাড়ি পার্কিং ও প্রধান সড়কের দুপাশে ফুটপাত দখল করে দোকানপাট এবং সড়কের মোড়ে মোড়ে সিএনজিচালিত অটোরিকশা-অটোরিকশার অস্থায়ী স্ট্যান্ডের কারণে নগরীতে যানজটের সৃষ্টি হয়। দিনের অধিকাংশ সময় যানজটের কারণে থমকে যায় স্বাভাবিক জীবন। নগরীতে অর্ধলক্ষাধিক ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাস ও বাসের দাপটেই এই সমস্যার তৈরি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, নগরীর কেন্দ্রস্থল কান্দিরপাড় থেকে দক্ষিণে টমছমব্রিজ হয়ে পদুয়ার বাজার বিশ্বরোড যেতে হয়। এক লেনের এ সড়ক বিভিন্ন পরিবহনের বাস ছাড়াও স্কুল-কলেজসহ বিশ্ববিদ্যালয়ের বাস, মিনিবাস, সারি সারি অ্যাম্বুলেন্স, সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশার দখলে। মাঝেমধ্যে এসব গাড়িগুলো আড়াআড়ি করে রাখা হয়। এতে সড়ক দিয়ে অন্য গাড়ি যেতে পারে না। যানজটের ভয়াবহ চিত্র চোখে পড়ে নগরীর নজরুল অ্যাভিনিউ, কান্দিরপাড়, রামঘাট, মনোহরপুর, টমছমব্রিজ চারমুখী সড়কের মোড়, শাসনগাছা, রাজগঞ্জ ও চকবাজার এলাকায়। এসব এলাকায় যত্রতত্র সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক থামিয়ে যাত্রী ওঠানামা করার কারণে যানজটের সৃষ্টি হয়।
নগরীর বাসিন্দা আনোয়ার, দেলোয়ার ও বোরহান বলেন, নগরীর সড়কের মোড়ে মোড়ে অবৈধ অটোরিকশা ও ইজিবাইক স্ট্যান্ড। এতে যানজটের সৃষ্টি হয়। আমাদের সাধারণ মানুষদের নিয়ে কেউই চিন্তা করে না। অদক্ষ চালকদের বেপরোয়া গাড়ি চালনার কারণে যানজটের পাশাপাশি প্রায় সময় ঘটছে দুর্ঘটনা।
ব্যাটারিচালিত অটোরিকশার চালক এয়াকুব আলী বলেন, সরকারিভাবে গাড়ি চালনার কোনো প্রশিক্ষণ নেই আমাদের। এমনি আমরা শিখে নিয়েছি। গাড়ি বৈধ-অবৈধ বুঝি না। টাকা দিয়ে সিটি করপোরেশনের রসিদ নিই। তা দেখিয়ে রাস্তায় গাড়ি চালাই।
এ বিষয়ে বিআরটিএ কুমিল্লার সহকারী পরিচালক ফারুক আলম বলেন, যেসব সিএনজিচালিত অটোরিকশা, অটোরিকশা ও ইজিবাইকের কাগজপত্র রয়েছে সেগুলো বৈধ। আর যেগুলোর নেই সেগুলো অবৈধ। আমরা প্রতিনিয়ত এসব যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা করছি। বেশিরভাগ চালক ট্রাফিক আইন জানেন না। যে কারণে যানজটের পাশাপাশি দুর্ঘটনাও বাড়ছে।
এ বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সামছুল আলম বলেন, নগরীর সড়ক যানজটমুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। কয়েক দিন ধরে এসব অবৈধ স্থাপনা মুক্ত করতে সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। আর অবৈধ রিকশা-গাড়ি চলাচলের ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে।