নাটোরের বড়াইগ্রামে টিসিবি ও মাতৃত্বকালীন ভাতার কার্ড ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত ইউপি সদস্যদের দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং গুলির ঘটনা ঘটেছে। এ সময় রুবেল হোসেন খলিফা (৩৪) নামে এক গার্মেন্টস ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।
গতকাল বুধবার উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজাপুর বাজারে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রুবেল উপজেলার অর্জুনপুর গ্রামের হাসমত আলী খলিফার ছেলে ও রাজাপুর বাজারের মেসার্স ভাই বোন গার্মেন্টেসের স্বত্ত্বাধিকারী।
স্থানীয়রা জানান, গোপালপুরে ইউনিয়নে ১০০ জন টিসিবির কার্ডধারী পণ্য নিতে না আসায় সেগুলোর বিপরীতে নতুনভাবে তালিকা করা হচ্ছে। এ ছাড়া পরিষদের চারটি মাতৃত্বকালীন ভাতার কার্ড বরাদ্দ এসেছে। বুধবার সকালে ৪ নম্বর ওয়ার্ড সদস্য বেলাল হোসেন পরিষদে গিয়ে মাতৃত্বকালীন ভাতার চারটি এবং টিসিবির ১০০ কার্ডের মধ্যে ৭৫টির সুবিধাভোগীদের তালিকা করেন। এ সময় বিএনপি সমর্থিত ২ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুস সামাদ ও ৫ নম্বর ওয়ার্ড সদস্য ফজল আহমেদ তাতে আপত্তি জানালে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বেলালের নেতৃত্বে বিএনপির শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে ইউপি কার্যালয়ে যাওয়ার চেষ্টার করেন। এ সময় আবদুস সামাদ ও ফজল আহমদের নেতৃত্বে বিএনপির অন্য গ্রুপের নেতাকর্মীরা এগিয়ে এলে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেলালের সমর্থকরা কয়েক রাউন্ড গুলি ছুড়লে পাশেই দাঁড়িয়ে থাকা ব্যবসায়ী রুবেল হোসেন খলিফার বাম হাতে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করান। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতিসহ দায়ীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।