যশোরের ঝিকরগাছায় একজোড়া সোনার কানের দুলের জন্য সাদিয়া খাতুন (৮) নামে এক শিশুকে হত্যা করেছে মাদকাসক্ত প্রতিবেশী নারী। মাদকাসক্ত চম্পা খাতুন নামের ওই নারীকে আটক করেছে ঝিকরগাছা পুলিশ। উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমরা গ্রামে গত মঙ্গলবার ঘটনাটি ঘটে। নিহত সাদিয়া একই গ্রামের বাবলু রহমানের মেয়ে ও মাটিকোমরা হাফিজিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।
ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান জানান, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে নিখোঁজ হয় সাদিয়া। খোঁজাখুঁজি করে না পেয়ে সাদিয়ার পিতা বাবলু থানায় অভিযোগ করেন। এ সময় তারা চম্পা খাতুনের ওপর তাদের সন্দেহের কথা জানান। একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে চম্পার পরিবারের কাছ থেকে খবর পেয়ে বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার স্বীকারোক্তিতে বাড়ির পাশের বাগান থেকে শিশু সাদিয়ার মরদেহ উদ্ধার করা হয়। সাদিয়ার গায়ের গেঞ্জি দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। কানের দুলের জন্যই সাদিয়াকে হত্যা করেছে বলে পুলিশকে জানিয়েছে চম্পা।
চম্পা প্যাথেড্রিনসহ নানা ধরনের মাদকসেবী বলে তার পরিবারের সদস্যরা জানান। এ ঘটনায় নিহতের পিতা বাবলু রহমান বাদী হয়ে ঝিকরগাছা থানায় একটি মামলা করেছেন।