আইসিটির মামলা বাতিল খালেদা জিয়া তারেক রহমানের

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২০১৬ সালে তথ্য ও যোগযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় করা একটি মামলার কার্যক্রম বাতিল করে দিয়েছে হাইকোর্ট। এ মামলার তিন নম্বরে নাম থাকা আসামি চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ইশরাক আহমেদ সিদ্দিকী। সঙ্গে ছিলেন আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া ও অ্যাডভোকেট আজমল হোসেন।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিম উদ্দিন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালে বিএনপির সাবেক নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে ইরাদ আহমেদের নামে থাকা ফেসবুক পেজ থেকে শেখ হাসিনাকে হত্যার হুমকিসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ব্যঙ্গ করা হয়। এ ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের এক নেতা ওই বছরের সেপ্টেম্বরে চট্টগ্রামের একটি আদালতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬-এর (সংশোধিত ২০১৩) ৫৭ ধারায় খালেদা জিয়া, তারেক রহমান ও ইরাদ আহমেদকে আসামি করে একটি মামলা করেন। অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া দেশ রূপান্তরকে বলেন, মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হলে ২০১৭ সালের ৫ জুন হাইকোর্ট মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ ও রুল দেয়। আজ (গতকাল) সেই রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্ট মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করল।