আদালতে ‘জয় বাংলা’ স্লোগান, সেলিম বললেন, ‘শেখ হাসিনা আবার আসবেন’

আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ বলে স্লোগান দিয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম ও আলী আজম মুকুল। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলার সময় তারা এই স্লোগান দেন।

এ সময় ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিম বলেন, ‘শেখ হাসিনা আবার আসবেন।’

এর আগে গতকাল বুধবার গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মো. রাকিব হাওলাদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

চকবাজার থানায় দায়ের করা ওই মামলায় পুলিশ সোলাইমান সেলিমকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আবুল খায়ের তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এ সময় আসামিপক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। তবে এ মামলার মূল নথি না থাকায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ। একইসঙ্গে রিমান্ড ও জামিন শুনানির জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করেন আদালত।