মেরিন ড্রাইভে মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় অস্ট্রেলিয়ানের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভে ভাড়ায় মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় এক অস্ট্রেলিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল ৪টার দিকে মেরিন ড্রাইভের বেলি হ্যাচারির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ম্যাগ্রিন ড্যানিয়েল পল (৪৯)। তিনি অস্টেলিয়ার সাউথ সিডনির কিয়ামা অঞ্চলের বাসিন্দা।

স্থানীয়দের দেওয়া তথ্যে উখিয়া থানার ওসি আরিফ হোসেন জানান, কক্সবাজার সদর থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে টেকনাফের দিকে যাচ্ছিলেন ম্যাগ্রিন ড্যানিয়েল পল। বেলা সাড়ে ৪টার দিকে মেরিন ড্রাইভের বেলি হ্যাচারির সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লাগে। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। এসময় আরেকটি দ্রুতগতির মোটরসাইকেল তার গায়ের উপর দিয়ে চলে গেলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তার পাসপোর্ট দেখে ধারণা করা হচ্ছে, তিনি চলতি মাসের ১ তারিখ বাংলাদেশে প্রবেশ করেন। আর ভিসার মেয়াদ ছিল আগামী বছরের ১ ফেব্রুয়ারি। কিন্তু এক এন্ট্রিতে ৩০ দিন অবস্থান করতে পারার অনুমতি ছিল।

কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ইনানী পুলিশ ফাঁড়ি টিম লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। তিনি কী জন্য কক্সবাজার এসেছেন- তার সঙ্গে আর কারা কারা রয়েছেন বা কোথায় উঠেছেন সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।