শ্রীলঙ্কার সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয় ভোটগ্রহণ। চলে বিকেল ৪টা পর্যন্ত। অনূঢ়া কুমারা দিশানায়েকে নতুন প্রেসিডেন্ট শপথ নেওয়ার মাত্র সাত সপ্তাহ পর দেশটিতে আগাম এই নির্বাচন হলো। প্রায় প্রচারহীন এই নির্বাচনে ৮ হাজার ৮০০ জনের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ২২৫ সদস্যের পার্লামেন্টের আইনপ্রণেতাদের পাঁচ বছরের জন্য নির্বাচিত করতে ভোট দিয়েছেন প্রায় ১ কোটি ৭০ লাখ ভোটার। দেশটিতে ১৯৬ জন সংসদ সদস্য সরাসরি নির্বাচিত হবেন। বাকিদের আনুপাতিক প্রতিনিধিত্বের হিসাবে ভোটের হারের ওপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলো মনোনীত করবে। দেশটির ভোট পর্যবেক্ষণকারী সংস্থা পিপলস অ্যাকশন ফর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বলছে, নির্বাচনে ৪৯টি রাজনৈতিক দল ও ২৮৪টি স্বতন্ত্র প্রার্থী অংশ নিয়েছেন। উচ্চ মূল্যস্ফীতি, খাদ্য এবং জ¦ালানির ঘাটতি ঘিরে ২০২২ সালে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় ব্যাপক রাজনৈতিক সংকট তৈরি হয়। গণ-আন্দোলনের মুখে পদত্যাগ করে পালিয়ে যান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।