কেএনএফ আস্তানায় অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার

বান্দরবানের রুমা উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি অপারেশন দল মুনলাইপাড়া এলাকায় কেএনএফের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে। গতকাল বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোরে অপারেশন দলটি মুনলাইপাড়ার উত্তর-পশ্চিমে রুমা খালের পাশের লাইচেংয়াই নামক আমবাগানে কেএনএফের অবস্থানের ওপর অভিযান পরিচালনা করলে সন্ত্রাসীরা তাদের অস্ত্র-সরঞ্জাম ফেলে পালিয়ে যায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে রয়েছে, একটি একে-৪৭ রাইফেল, দুটি বন্দুক, ১৬০ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি, বাইনোকুলার, দুটি ওয়াকিটকি সেট ও কেএনএফের পোশাক।

২০২০ সাল থেকে পার্বত্য জেলার পাহাড়ি সম্প্রদায়ের বম জনগোষ্ঠীর কিছু বিপথগামী যুবক কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামে একটি সশস্ত্র সংগঠন গড়ে তোলে। এদিকে তাদের সশস্ত্র কার্যক্রম বেড়ে যাওয়ায় তাদের নির্মূলে ২০২২ সালের অক্টোবর থেকে বান্দরবানে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়।

অভিযানে এ পর্যন্ত কেএনএফের ১২০ জন সদস্য ও সহযোগীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আটকদের বিরুদ্ধে বান্দরবানের বিভিন্ন উপজেলায় বেশ কয়েকটি মামলা হয়েছে।