দিল্লি থেকে হাসিনার বক্তব্য ভালোভাবে দেখছে না সরকার

ভারতের দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বিবৃতি ও বক্তব্যকে অন্তর্বর্তী সরকার ভালোভাবে দেখছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। তিনি বলেন, এ ব্যাপারে তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি শেখ হাসিনাকে বক্তব্য-বিবৃতি দেওয়া থেকে বিরত রাখার জন্য ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র তৌফিক হাসান। এ বিষয়ে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ও ভারতীয় সরকারকে বিষয়টি জানিয়েছে। তাদের স্পষ্টভাবে বলা হয়েছে যে, সাবেক প্রধানমন্ত্রী ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময়ে ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিকভাবে যে রাজনৈতিক বিবৃতি ও বক্তব্য দিচ্ছেন, সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এ ধরনের বক্তব্য ও বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে।

শেখ হাসিনাকে বিবৃতি প্রদানে বিরত থাকার বিষয়ে দিল্লির বক্তব্য জানতে চাইলে তৌফিক হাসান বলেন, ‘আমরা বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের কাছে বিষয়টি উত্থাপন করেছি। তিনি বলেছেন, এটা তার সরকারের কাছে বলবেন। আমরা আসলে অফিশিয়ালি কোনো রেসপন্স (সাড়া) পাইনি। তারা বিষয়টি দেখবেন এরকম জানিয়েছেন।’

সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও ভারতে কতজন বাংলাদেশি পালিয়ে গেছেন আর তাদের সংখ্যা সরকার জানে কি না এমন প্রশ্নে মুখপাত্র বলেন, ‘সত্যিকার অর্থে এ ধরনের কোনো পরিসংখ্যান এই মুহূর্তে আমাদের কাছে নেই।’

জুলাই-আগস্টে আহত শিক্ষার্থীদের ভারতে চিকিৎসার বিষয়ে কোনো আলোচনা আছে কি না এ প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ‘চিকিৎসার জন্য ভারতে যেতে কেউ অনুরোধ করেছেন এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। কেউ অনুরোধ করেছে কি না, জানা থাকলে হয়তো আমরা চেষ্টা করে দেখতে পারি।’

ভিসাসংক্রান্ত জটিলতা প্রসঙ্গে মুখপাত্র তৌফিক বলেন, ‘ভারতের কর্র্তৃপক্ষকে অনেকবার জানিয়েছি। তারা বারবারই তাদের জনবল সংকটের কথা বলে আসছে।’ তিনি আরও বলেন, ‘জরুরি বা ইমার্জেন্সি মেডিকেলের জন্য যে ভিসাগুলো যেন তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করে সেটা আমরা বলেছি। এ ছাড়া তৃতীয় দেশে ভারতীয় ভিসাপ্রত্যাশীদের ডাবল এন্ট্রি বিশেষ করে রোমানিয়া, বুলগেরিয়া এ ভিসার আবেদন সহজীকরণের জন্য ভারতীয় দূতাবাসকে অনুরোধ করা হয়েছে। এভাবে আমরা ভিসা সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করছি।’

জেনেভা মিশনের শ্রম কাউন্সেলরকে ‘স্ট্যান্ড রিলিজ’ : সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে আইন ও বিচার এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় জেনেভায় বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর মুহাম্মদ কামরুল ইসলামকে ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে। এ ছাড়া স্টাফ মেম্বার বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক কর্মচারী মিজানের চাকরিচ্যুতির সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হোসেন বলেন, ‘জেনেভায় যা ঘটেছে, এটি অনাকাক্সিক্ষত এবং অপ্রত্যাশিত। এটার বিরুদ্ধে ইতিমধ্যে অ্যাকশন নেওয়া হয়েছে। আমাদের মিশনের একজন অফিসার এবং স্টাফ মেম্বার তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, আইন, বিচার ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. আসিফ নজরুলের জেনেভা সফরের সময়ে বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনার পর বাংলাদেশের সব মিশনকে প্রটোকল ও নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।