টানা ৪ দফায় কত কমল স্বর্ণের দাম?

দেশের বাজারে টানা চার দফা কমেছে স্বর্ণের দাম। চার দফায় ভরিতে মোট দাম কমানো হয়েছে হয়েছে ৯ হাজার ২৮ টাকা।

গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সবশেষ স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৬৮০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৪ হাজার ৫০৯ টাকা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) থেকে কার্যকর হবে এ দাম।

বৃহস্পতিবার সন্ধ্যায় দেওয়া বিজ্ঞপ্তি বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৪ হাজার ৫০৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২৮ হাজার ৩৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১০ হাজার ৬২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯০ হাজার ২৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রথম দফায় গত ৪ নভেম্বর ২২ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৩৬৫ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয় এক লাখ ৪২ হাজার ১৬১ টাকা।

দ্বিতীয় দফায় গত ৭ নভেম্বর সোনার দাম একলাফে ভরিতে ৩৪৬৪ টাকা কমে। তখন প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা দাম নির্ধারণ করা হয় এক লাখ ৩৮ হাজার ৬৯৭ টাকা।

তৃতীয় দফায় গত ১২ নভেম্বর ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৫১৯ টাকা কমিয়ে ১ লাখ ৩৬ হাজার ১৮৯ টাকা নির্ধারণ করা হয়।

সবশেষ গতকাল ১৪ নভেম্বর সোনার দাম ভরিপ্রতি কমেছে ১ হাজার ৬৮০ টাকা। দাম কমানোর ফলে এবার ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে ১ লাখ ৩৪ হাজার ৫০৯ টাকা।