আন্তর্জাতিক বাজারে কমলেও দেশে বাড়ল স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে তিন মাসের সর্বোচ্চ দামে উঠে সোনা কিছুটা কমেছে, আর একই সময়ে বাংলাদেশে ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৬৩৩ টাকা

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১২:০৩ পিএম

বিশ্ববাজারে তিন মাসের রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর সোনার দামে পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা। বিশ্ব অর্থনীতির অস্থিরতা ও স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধির অজুহাতে দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্তে ভরিপ্রতি সর্বোচ্চ ১,৬৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। বর্ধিত দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ৩ হাজার ১৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইনের ওপর ভিত্তি করে মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে। স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। এ ছাড়া নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

আন্তর্জাতিক বাজারে কী অবস্থা

মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম দিনের শুরুতে ৩ মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠলেও পরে কিছুটা কমে যায়। স্পট গোল্ডের দাম ০ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬৪০ দশমিক ৩৯ ডলারে নেমে আসে। যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম ছিল প্রতি আউন্স ৪ হাজার ৬৯৬ ডলার।

বাজার বিশ্লেষকেরা বলছেন, এখন বিনিয়োগকারীদের নজর যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্যের দিকে। বুধবার দেশটির ব্যক্তিগত ভোগব্যয় বা পিসিই মূল্যসূচকের তথ্য প্রকাশ হওয়ার কথা। ফেডারেল রিজার্ভ মূল্যস্ফীতি পরিমাপের ক্ষেত্রে এই সূচককে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে।

এ ছাড়া চলতি সপ্তাহে জ্যাকসন হোল সম্মেলনে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ারশের বক্তব্যের দিকেও নজর রয়েছে বিনিয়োগকারীদের। বন্ডের সুদের হার সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়ার বিষয়ে তিনি কী বার্তা দেন এবং ফেডের স্বাধীনতা নিয়ে কী অবস্থান জানান, তা নিয়ে বাজারে আগ্রহ রয়েছে।

বিশ্লেষকেরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ও সুদের হার নিয়ে নতুন তথ্য সোনার দামের ওপর প্রভাব ফেলতে পারে। সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সোনাকে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হলেও সুদের হার বেশি থাকলে সুদবিহীন এই ধাতুর আকর্ষণ কমে যায়।

এর আগে গত শনিবার (২২ আগস্ট) দেশের বাজারে সর্বশেষ সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা নির্ধারণ করা হয়েছিল। মাত্র কয়েক দিনের ব্যবধানে এবার আরও ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত