ফেনীর পরশুরামে পূর্বের বিরোধকে কেন্দ্র করে এমরান হোসেন (২০) নামের এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা করেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নে দক্ষিণ কেতরাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত এমরান হোসেন পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ কেতরাঙ্গা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ও পরশুরাম সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। অভিযুক্ত রফিকুল ইসলাম রনি একই গ্রামের হাবিব উল্যাহর ছেলে।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, একই এলাকার রফিকুল ইসলাম রনির সঙ্গে আবদুর রহিমের রাজনৈতিক বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুরে রনির নেতৃত্বে কয়েকেজন আবদুর রহিমের ওপর হামলা করে। একপর্যায়ে আবদুর রহিমকে ছুরিকাঘাত করে রনি। পরে তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরশুরাম মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। স্বপন ও কাসেম নামের দুজনকে আটক করা হয়েছে।