ফ্যাসিবাদের দোসরদের শেকড় অনেক গভীরে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেও ফ্যাসিবাদের দোসরদের শেকড় অনেক গভীরে রয়ে গেছে। দলীয় নেতাদের দায়িত্ব পালন করেছে বিগত সরকারের কিছু কিছু প্রশাসন। তাই প্রশাসনের দলীয় দাসত্ব থেকে বের হতে সবার মতামত প্রয়োজন। অনেক অফিসের কেরানীও তাদের দোসর।
আজ শুক্রবার বিকেলে অফিসার্স ক্লাবে গণঅভ্যুত্থানের ৩ মাস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের রাজনীতিতে একটা বড় পরিবর্ত হয়েছে। একটি জনগোষ্ঠী দেশ সংস্কারের জন্য, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য জীবন দিয়েছে। তাদের পরিবার এবং যারা রাজপথে এসেছিল তারা এখন রাজনীতি সচেতন। কিন্ত অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, কিছুদিন যাবত সরকারের বিভিন্ন সিদ্ধান্ত যেগুলো এই গণঅভ্যুত্থানের স্পিরিট ছিল সেগুলোর বাস্তবায়নে আমরা দেখছি রাজনৈতিক কিছু কিছু শক্তি সেগুলো বিরোধিতা করছে। তারা তারুণ্যের স্পিরিটকে ধারণ করতে ব্যর্থ হচ্ছে। গণমাধ্যমে যখন তাদের বক্তব্য গুলো দেখি তখন আমার মনে হয় এই তারুণ্যের রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সময় হয়েছে।
যারা রাজপথে এসে জীবন দিয়েছে তাদের তারুণ্যের শক্তি হিসেবে আবির্ভূত হতে হবে উল্লেখ করে তিনি বলেন, যারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, আহত হয়েছে, তাদের আকাঙ্ক্ষাকে এই রাজনৈতিক দলগুলো ধারণ করতে ব্যর্থ হয়েছে। এভাবে চলতে থাকলে আমি আসঙ্কা করছি, এই রক্তক্ষয়ী অভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হবে।
রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ২৪-কে ধারণ করতে হবে। ভবিষ্যৎ বাংলাদেশ এই ২৪-এর প্রজন্মই বিনির্মাণ করবে। এই ২৪-এর প্রজন্মকে প্রতিটি রাজনৈতিক দলের গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে অফিসার্স ক্লাবের ভাইস-চেয়ারম্যান এম এ রাজেক সভাপতিত্ব সভায় আরও বক্তব্য রাখেন সাবেক সচিব এস এম জহরুল ইসলাম, ক্লাবের সাধারণ সম্পাদক এ বি এম আব্দুস সাত্তার প্রমুখ।