পাকিস্তানের সেফহোমে বৃদ্ধা, ফেরার আকুতি

বগুড়ার শেরপুরের এক বৃদ্ধা ছয় মাস আগে ভারত হয়ে পাকিস্তানে গিয়ে সেখানকার সেফহোমে আটকে আছেন। কিন্তু জেলা-উপজেলার নাম বলতে পারলেও গ্রাম, আত্মীয়স্বজন এবং নিজের নাম বলতে না পারায় তিনি দেশে ফিরতে পারছেন না। তার পরিবারকে খুঁজে পেতে সবার সহযোগিতা চেয়েছেন শেরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা।

জানা যায়, শেরপুর উপজেলার চান্দাইকোনা এলাকার এই বৃদ্ধা প্রায় ছয় মাস আগে কোনোভাবে ভারতে অনুপ্রবেশ করেন। সেখানে তাকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে ভারতের পুলিশ আটক করে। বৃদ্ধার কথাবার্তা শুনে মানসিক ভারসাম্যহীন মনে হলে তারা তাকে পাকিস্তানের একটি ট্রেনে তুলে দেয়। পাকিস্তানের বর্ডার অতিক্রম করলে সেখানকার সমাজসেবা কর্মীরা তাকে নিয়ে লাহোরের সমাজসেবার সেফহোমে রাখেন। ওই বৃদ্ধার কাছ থেকে তারা জানতে পারেন, তার বাড়ি বাংলাদেশের বগুড়ার শেরপুর উপজেলার চান্দাইকোনা এলাকায়। এরই পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর লাহোরের স্টেট জেনারেল শেরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবাইদুল হককে ফোন করে বিষয়টি অবগত করেন।

শেরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবাইদুল হক বলেন, ‘বর্তমানে ওই বৃদ্ধাটি তাদের তত্ত্বাবধানে সুস্থ আছেন। ওই বৃদ্ধা বগুড়া, শেরপুর আর চান্দাইকোনা ছাড়া অন্য কোনো তথ্যই দিতে পারছেন না।’ কেউ তাকে চিনে থাকলে শেরপুর উপজেলা সমাজসেবা কার্যালয় অথবা তার সঙ্গে যোগাযোগের অনুরোধ জানান তিনি।