মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রতিপক্ষের হামলায় সাব্বির (১৭) নামে এক কিশোরের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় আহতের বড় ভাই সাইদার (৩৩) বাধা দিতে গেলে হামলাকারীরা তাকেও কুপিয়ে জখম করে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার হোসেন্দী ইউনিয়নের লস্করদী গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গতকাল শুক্রবার দুপুরে ৬ জনের নাম উল্লেখ করে গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন আহত সাব্বিরের বাবা শাহজালাল মিয়া।
অভিযোগপত্র থেকে জানা যায়, শাহজালাল মিয়ার সঙ্গে প্রতিবেশী আব্দুর রশিদের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে প্রতিবেশী আব্দুর রশিদ ও তার ছেলে সোহান ইসলামসহ ৫-৬ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ বাড়িতে এসে তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তখন তার ছোট ছেলে সাব্বির এগিয়ে এলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে বাম হাতের কবজি থেকে তালুর অর্ধেক বিচ্ছিন্ন করে ফেলে। এ সময় তার বড় ছেলে সাইদার এগিয়ে এলে তাকেও হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
আহতের মা শান্তি বেগম বলেন, ‘আমার ছেলে সামনে এসএসসি পরীক্ষা দেব। আমার ছেলেকে যারা অন্যায়ভাবে কুপিয়ে হাত কেটে ফেলেছে, আমি তাদের বিচার চাই।’
এদিকে অভিযুক্ত আব্দুর রশিদ জানান, তাদের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে। তারা কাউকে কোপ দিয়ে কবজি বিচ্ছিন্ন করেনি। তাদের নিজেদের কোপেই কবজি বিচ্ছিন্ন হয়েছে। গজারিয়া থানার ওসি মাহবুবুর রহমান জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।