ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা ২ হাজার ৫২০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ বিজিবি-৩৯ ব্যাটালিয়নের আওতাধীন আইলাতলী বিওপির জেসিও নায়েব সুবেদার জামাল উদ্দিন।
বিজিবি জানায়, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী উত্তর নলকুরা নামক স্থান দিয়ে গতকাল ভোরে অবৈধভাবে ভারত থেকে অভিনব পন্থায় বিপুল পরিমাণ জিরা নিয়ে আসে চোরাকারবারিরা। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় জিরার বস্তাগুলো রেখে দৌড়ে পালিয়ে যায় সংশ্লিষ্ট চোরাকারবারিরা। পরে টহল দল জিরার বস্তাগুলো জব্দ করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা ভারতীয় জিরার বিষয়ে জানতে চাইলে আইলাতলী বিওপির জেসিও নায়েব সুবেদার জামাল উদ্দিন বলেন, ‘ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে জিরার বস্তাগুলো জব্দ করা হয়। এর বাজারমূল্য ৩০ লাখ ২৪ হাজার টাকা।’