কক্সবাজারের উখিয়ার নাফনদী থেকে থেকে মাছ ধরার সময় পাঁচ জেলেকে দুই দিন আগে আরাকান আর্মির সদস্যরা ধরে নিয়ে গেছে। যার মধ্যে শনিবার সকালে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপর ৪ জনের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। শনিবার (১৬ নভেম্বর) পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া মরদেহ পালংখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আঞ্জুমানপাড়ার বাসিন্দা মৃত মোহাম্মদ হোসেনের ছেলে ছৈয়দুল বশর (১৯)।
নিখোঁজ থাকা অপর চারজন হলেন, পূর্ব ফারিরিবিল এলাকার মনজুর আলমের ছেলে মোহাম্মদ ইউছুফ, নুর মোহাম্মদের ছেলে লুৎফুর রহমান, জিয়াবিল হকের ছেলে সাইফুল ইসলাম ও মুহাম্মদ আবদুল্লাহর ছেলে ইউছুফ জালাল।
চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, গত ১৪ নভেম্বর ৫ জন বাংলাদেশী নাফ নদীতে মাছ ধরতে গেলে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী আরকান আর্মির সদস্যরা ধরে নিয়ে যায়। এর মধ্যে শনিবার পাওয়া যায় একজনের মরদেহ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন জানান, সকালে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় নাফ নদীতে একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তাদের কাছ থেকে বিষয়টি জানার পর মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের পর প্রাথমিকভাবে সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে।
ওসি জানায়, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) যারীন তাসনিম তাসিন জানিয়েছেন, মাছ শিকারে গিয়ে দুদিন আগে ৫ জন বাংলাদেশী অপহরণ হয়। এদের মধ্যে আজ একজনের মরদেহ উদ্ধার হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।