বাড়িতে মুরগি যাওয়া নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে হত্যা

শরীয়তপুরের জাজিরায় বাড়িতে মুরগি যাওয়া নিয়ে দ্বন্দ্বে নজরুল মাদবর (৪৫) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত শুক্রবার বিকেলে উপজেলার পশ্চিম আড়াচ-ি এলাকায় প্রতিবেশীদের সঙ্গে সংঘর্ষে আহত হন নজরুল।

জানা যায়, শুক্রবার বিকেলে নজরুলের বাড়ির মুরগি প্রতিবেশী বোরহানের বাড়িতে ঢুকে পড়ে। এ নিয়ে দুই পরিবারের বাগ্বিত-া শুরু হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুপক্ষ। এ সময় বোরহান ও তার লোকজন নজরুলকে কুপিয়ে আহত করেন। নজরুলকে উদ্ধার করতে গেলে তার বাবা লতিফ মাদবর ও ভাই সুমনকেও কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নজরুল ও সুমনকে ঢাকা মেডিকেলে পাঠান। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় নজরুলের মৃত্যু হয়।

নিহত নজরুলের স্ত্রী কল্পনা আক্তার বলেন, আমাদের মুরগি বোরহানের বাড়িতে গেলে তিনি আমার স্বামীকে গালাগাল করতে থাকেন। আমার স্বামী প্রতিবাদ করলে তারা আমার স্বামীকে কুপিয়ে আহত করেন। চিকিৎসাধীন অবস্থায় আমার স্বামী মারা গেছেন। আমার স্বামীর খুনিদের ফাঁসি চাই। এ বিষয়ে জানতে অভিযুক্ত বোরহান মাদবরের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাদের পাওয়া যায়নি।