বের হলেন ডাক্তার দেখাতে, ফিরলেন লাশ হয়ে

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৬ নভেম্বর) বিকালে রেইলগেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  

নিহত নারীর নাম নুরজাহান বেগম (৪৫)। তিনি উপজেলার চৌমুহনী পৌরসভার গণিপুর এলাকার মো.জাহাঙ্গীরের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালের দিকে নিজ বাড়ি থেকে নুরজাহান বেগম ডাক্তার দেখানোর জন্য চৌমুহনী বাজারে যায়। চৌমুহনী পৌরসভার ফেনী টু নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রেলগেইট এলাকায় দিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাক তাকে ধাক্কা দেয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

বেগমগঞ্জ থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ কুমার দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।