৪ ডিসেম্বর গাঁটছড়া বাঁধছেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা!

এবার দক্ষিণী তারকা অভিনেতা নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার বিয়ের কার্ড ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিয়ের নিমন্ত্রণপত্রে বর ও কনে উভয়ের পরিবারের সদস্যদের নাম ছিল। বিয়ের আমন্ত্রণপত্রে এই দম্পতি কখন গাঁটছড়া বাঁধবেন তাও লিখা ছিল। নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা ২০২৪ সালের ৪ ডিসেম্বর অন্নপূর্ণা স্টুডিওতে বিয়ে করতে চলেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বেশ ছিমছাম করে সাজানো হয়েছে নাগা-শোভিতার বিয়ের কার্ড। কার্ডের গায়ে বড় করে লেখা হয়েছে ‘শোভিতা ধুলিপালা ও নাগা চৈতন্যের বিয়ের কথা ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত’। সেখানে পাত্র-পাত্রীর অভিভাবকদের নামও রয়েছে। এছাড়া বিয়ের দিনের স্থানে লেখা হয়েছে ৪ ডিসেম্বর।

কার্ডের ওপরের দিকের ঝুলন্ত ঘণ্টা নতুন জীবন শুরুর প্রতীক। নিচের দিকে দক্ষিণী মন্দির দেখা যাচ্ছে। তার সামনেই কলা পাতা ও গোমাতার (গরু) ছবি। মনে করা হচ্ছে শুদ্ধতা ও শান্তির প্রতীক হিসেবেই এমন ডিজাইন করা হয়েছে। নাগা-শোভিতার বিয়ের কার্ডের সঙ্গে একটি উপহারের ব্যাগও রয়েছে। তাতে পোশাক, খাবার পাঠানো হয়েছে বলেই শোনা গেছে।

শোভিতা এবং নাগা চৈতন্য আগস্টে হায়দরাবাদে একটি ঘরোয়া অনুষ্ঠানে বাগদান করেছিলেন। হবু কনের সম্প্রতি ‘পাসুপু দানচাতাম’ ছিল। এটি একটি তেলুগু রীতি, যা বিবাহ উদযাপনের সূচনা করে। তেলুগুভাষী রাজ্য অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় এই রীতি পালিত হয়। এটি বাগদান অনুষ্ঠানের পরে এবং গায়ে হলুদের আগে অনুষ্ঠিত হয়।

সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিচ্ছেদের ঘোষণার পরপরই শোভিতা ধুলিপালার সঙ্গে প্রেম করছেন নাগা চৈতন্য। ২০২২ সালের মে মাসে প্রথমবারের মতো নাগা ও শোভিতাকে হায়দরাবাদে একসাথে দেখা গিয়েছিল, যেখানে অভিনেত্রী তার ‘মেজর’ সিনেমার প্রচার করছিলেন। বেশ কয়েকটি প্রতিবেদন এবং জল্পনার পরে অবশেষে জানা গেল তাদের বিয়ের তারিখ।