১৯৬৬ বিশ্বকাপ জয়ের পর থেকে পুরুষ ফুটবলে ইংল্যান্ডের গল্পটা হতাশার। বড় আসরে ৫৮ বছরের শিরোপা খরা কাটাতে মরিয়া ইংলিশরা। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের আশা, জার্মান কোচ টমাস টুখেলের হাত ধরেই অবসান হবে প্রায় ছয় দশকের অপেক্ষার।
আগামী জানুয়ারি থেকে ইংল্যান্ডের দায়িত্ব নেবেন জার্মান কোচ টুখেল। তার আগে ভারপ্রাপ্ত দায়িত্বে কাজ চালাচ্ছেন লি কার্সলি। আজ নেশনস লিগের ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১ টায়। এই ম্যাচ দিয়েই ইংল্যান্ডের অর্ন্তবর্তীকালিন কোচ হিসেবে দায়িত্ব শেষ করবেন কার্সলি।
ইংল্যান্ডের নতুন কোচ টুখেলের কোচিংয়ে বায়ার্ন মিউনিখে খেলেছেন কেইন। ক্লাব ফুটবলে অনেক শিরোপা জয়ী এই জার্মানের ধরন, কৌশল সম্পর্কে জানাশোনা আছে তার। আয়ার্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টুখেলনে নিয়ে কথা বলেছেন কেইন।
সেখানে ইংল্যান্ড অধিনায়ক বলেন, 'আমি মনে করি, সমর্থকরা (টুখেলকে) সমর্থন করবে। এটা হবে ফলাফলের ওপর নির্ভরশীল…শেষ পর্যন্ত ইংল্যান্ডের সমর্থকরা জিততে চায়। আমরা সবাই জিততে চাই। আমি মনে করি, টমাসের চ্যাম্পিয়ন্স লিগ ও বড় বড় প্রতিযোগিতা জয়ের ইতিহাস আমাদেরও শিরোপা জয়ের দারুণ সুযোগ এনে দিয়েছে। ১৯ মাসের মধ্যে, যদি আমরা একসঙ্গে বিশ্বকাপ জিততে পারি, আমার মনে হয় না তাকে নিয়ে কারও কোনো সমস্যা হবে।'
কেইন তার কথায় বুঝিয়েছেন ২০২৬ ফুটবল বিশ্বকাপের কথা।