ক্রোয়েশিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন, অপেক্ষায় ইংল্যান্ড

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩২ পিএম

উয়েফা নেশনস লিগে উইন্ডোর শেষ রাতেও জয়োৎসবে মেতেছে স্পেন ও ইংল্যান্ড। ক্রোয়েশিয়ার মাঠে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে মিকেল মেরিনোর ম্যাজিকে ২-১ গোলের জয় তুলে নিয়ে পর্তুগালের পর দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। অন্যদিকে, ওয়েম্বলিতে হ্যারি কেইনের জোড়ায় চেকিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ আটের পথে এক পা দিয়ে রেখেছে ইংল্যান্ড। 

স্প্লিটের মাঠে শুরুতেই বড় ধাক্কা খায় বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ১৭ মিনিটে অভিজ্ঞ মিডফিল্ডার ইভান পেরিসিচের নিখুঁত হেডে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর এই প্রথম কোনো ম্যাচে প্রথমে গোল হজম করতে হয় লুইস দে লা ফুয়েন্তের দলকে। তবে গত দুই বছর ধরে আন্তর্জাতিক ফুটবলে বদলি হিসেবে নেমে ত্রাতা হয়ে ওঠার অভ্যাস বজায় রাখা মিকেল মেরিনো আবারও নিজের জাত চেনান। বিরতির পর ৬১ মিনিটে দারুণ এক শটে সমতা ফেরান এই আর্সেনাল মিডফিল্ডার।

এরপর ম্যাচের ৭৯ মিনিটে পেরিসিচ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ক্রোয়েশিয়া। এই সুযোগ কাজে লাগিয়ে ৮৮ মিনিটে আরও একবার দুর্দান্ত গোল করে স্পেনের ২-১ গোলের রোমাঞ্চকর জয় ও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন মেরিনো। এই জয়ে টানা ৪২ ম্যাচ অপরাজিত রইল লুইস দে লা ফুয়েন্তের দল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের দৃঢ়তার প্রশংসা করে স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, ‘আমরা জানতাম ম্যাচটি এমন কঠিন হবে, কিন্তু আমরা পরিস্থিতি দারুণভাবে সামলে নিয়েছি এবং লড়াই ছাড়িনি।’ ক্রোয়েটদের বিপক্ষে এর আগে ঘরের মাঠে ৪-১ ব্যবধানে জিতেছিল লা রোহারা। 

এদিকে ঘরের মাঠ ওয়েম্বলিতে চেকিয়ার বিপক্ষে একপেশে জয় পেয়েছে ইংল্যান্ড। ম্যাচের প্রথমার্ধে কেইনের বাড়ানো এক ক্রসে চেক ডিফেন্ডার ভ্লাদিমির কোফাল আত্মঘাতী গোল করলে এগিয়ে যায় থ্রি লাইন্সরা। এরপর প্রথমার্ধের ঠিক আগে, মর্গ্যান রজার্সের নিখুঁত পাস থেকে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন কেইন (৪০ মিনিট)। আর দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে লুইস হলের কর্নার থেকে হেডের মাধ্যমে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি আদায় করে নেন ইংলিশ অধিনায়ক।

এই ম্যাচটি হ্যারি কেইনের আন্তর্জাতিক ক্যারিয়ারের এক ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে। কিংবদন্তি গোলরক্ষক পিটার শিলটনের সমান ১২৫ ম্যাচ খেলার রেকর্ডে নাম লেখানোর পাশাপাশি নিজের আন্তর্জাতিক গোলসংখ্যা ৯১-এ উন্নীত করেন কেইন। ম্যাচ শেষে সংবাদমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে বায়ার্ন মিউনিখের এই তারকা স্ট্রাইকার বলেন, ‘ব্যক্তিগতভাবে এবং দলের জন্যও এটি ছিল একটি নিখুঁত রাত। এটি একটি কঠিন ও দীর্ঘ ক্যাম্প ছিল, তবে ওয়েম্বলিতে এর দারুণ সমাপ্তি হলো।’ 

এদিকে সংবাদমাধ্যমক আইটিভি -কে দেওয়া সাক্ষাৎকারে ইংলিশ কোচ টমাস টুখেল দলের পারফরম্যান্স নিয়ে বলেন, ‘আমি মনে করি আমরা খুব ভালো, তরল ও গোছানো ফুটবল খেলেছি। দল পুরো ম্যাচজুড়ে আধিপত্য বজায় রেখেছে এবং সাবলীল জয় তুলে নিয়েছে।’ 

এই জয়ে গ্রুপ পর্বের পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থানে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করে কোয়ার্টার ফাইনালের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলল ইংলিশরা। চার ম্যাচে তাদের পয়েন্ট ৯। আর চার ম্যাচের সবগুলোই জিতেছে স্পেন। 

সর্বশেষ সর্বাধিক পঠিত