আরিচা-কাজিরহাট রুটে আবার ফেরি চলাচল বন্ধ

যমুনায় নাব্য সংকটের কারণে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল তৃতীয় দফায় বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এর আগে গত ১ ও ৯ নভেম্বর দুই দফায় ৯৭ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। গত শনিবার দুপুর ২টার দিকে রো-রো ফেরি ধানসিঁড়ি যানবাহন নিয়ে কাজিরহাটের উদ্দেশে রওনা দিয়ে ডুবোচর থেকে বের হতে প্রায় পাঁচ ঘণ্টা সময় লেগে যায়। যার ফলে সন্ধ্যা ৬টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। এতে উভয় ঘাটে প্রায় দুই শতাধিক যানবাহন আটকা পড়ে।

উভয় ঘাটে আটকে পড়া কয়েকজন ট্রাকমালিক জানান, ফেরি চলাচল বিঘিœত হওয়ায় আটকে পড়া চালক-হেলপারদের আহার ও বেতন দিতে মোটা অঙ্কের অর্থ গুনতে হচ্ছে। সময়মতো গন্তব্যে পৌঁছতে না পারায় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।

আটকে পড়া ট্রাকচালক মানিক জানান, সময়মতো ফেরি না পাওয়ায় ঘাটে বসে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। এভাবে বারবার বন্ধ হলে ঘুরপথে যেতে সময় ও অর্থ ব্যয় কয়েকগুণ বৃদ্ধি পাবে।

আরিচা ঘাটের ম্যানেজার আবু আবদুল্লাহ জানান, চ্যানেলে পর্যাপ্ত পানি না থাকায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আরিচা অ্যাপ্রোচ চ্যানেলে পলি জমে নদীর গভীরতা কমে যাওয়ায় ফেরি চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। দুর্ঘটনা এড়াতেই বিআইডব্লিউটিসি এ সিদ্ধান্ত নিয়েছে।