স্বামীকে হত্যার দায়ে স্ত্রী-প্রেমিকের মৃত্যুদন্ড

ময়মনসিংহের হালুয়াঘাটে স্বামী হযরত আলীকে হত্যার দায়ে স্ত্রী সাবিনা খাতুন ও প্রেমিক লিয়াকত আলীকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত। গতকাল রবিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক আলী মনসুর এ রায় প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, হযরত আলী সাবিনা খাতুনকে নিয়ে সংসার করাকালে লিয়াকত আলীর সঙ্গে সাবিনা খাতুন সম্পর্কে জড়িয়ে পড়েন। ঘটনার প্রায় এক মাস আগে হযরত আলী তার ঘরে সাবিনা খাতুন ও লিয়াকত আলীকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে দুজনকেই গালমন্দ করেন। এরপর লিয়াকত ও সাবিনা খাতুন হযরত আলীকে হত্যার পরিকল্পনা করে।

২০২১ সালের ২৯ আগস্ট লিয়াকত আলী হযরত আলীকে হালুয়াঘাট পশ্চিম কুতিকুড়া আঁতলা বিলের সামনে শ্বাসরোধে হত্যা করে মরদেহ পুঁতে রাখে।