ছাদখোলা বাসে চড়ে দেখা যাবে বান্দরবানের পাহাড়-ঝর্ণা

বান্দরবান-চিম্বুক-নীলগিরি এবং বান্দরবান মেঘলা-নীলাচলে প্রথমবারের মতো চালু হলো ট্যুরিস্ট বাস। এই বাসে চড়ে পর্যটকরা উপভোগ করতে পারবেন পাহাড়, ঝর্ণা এবং প্রকৃতির অপার সৌন্দর্য্য।

আজ সোমবার বেলা ১১টায় এ ঘোষণা দেন বান্দরবান পূরবী বাস মালিক সমিতির সভাপতি কাজল কান্তি দাশ।

তিনি বলেন, পর্যটকদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ট্যুরিস্ট বাসের প্রয়োজনীয়তা আছে। জেলা প্রশাসকের অনুমতিতে আমরা ট্যুরিস্ট বাস চালুর সিদ্ধান্ত নিয়েছি। তবে গতকাল রবিবার এই বাস নীলগিরিতে পরীক্ষামূলকভাবে চালানো হয়।

তিনি আরো বলেন, জেলার হিলভিউ আবাসিক হোটেলের সামনে থেকে প্রতিদিন সকাল ৭টা থেকে ছাদখোলা বাস ছেড়ে যাবে এবং দুপুরে জেলা শহরে ফিরবে। পরে আবার বেলা ৩টায় বান্দরবানের মেঘলা ও নীলাচল পর্যটনকেন্দ্রে রওনা হবে এবং সন্ধ্যায় পর্যটকদের নিয়ে আবার শহরে ফিরবে। এক্ষেত্রে ৩১ সিটের এই বাসে ৫ বছরের ওপরে বয়সীদের জন্য জনপ্রতি বান্দরবান-নীলগিরি বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা এবং মেঘলা-নীলাচলে বাসভাড়া ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পর্যটকদের চাহিদার ওপর ভিত্তি করে বাসের সংখ্যা বাড়তে পারে।

এদিকে বান্দরবান পার্বত্য জেলায় পর্যটন শিল্পের প্রসারে এবং পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতকরণে উন্নতমানের ছাদখোলা পর্যটকবাহী বাস চালু করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য পূরবী বাস মালিক সমিতি, মাইক্রো-কার ওজিফ মালিক সমিতি এবং আবাসিক হোটেল মোটেল মালিক সমিতির কাছে নির্দেশনা দিয়ে একটি চিঠি দেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।