শেখ হাসিনার সমর্থনে চট্টগ্রামে দুই মিনিটের ঝটিকা মিছিল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে চট্টগ্রাম নগরে আবারও ঝটিকা মিছিল হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাত ১১টার দিকে প্রবর্তক মোড় এলাকায় দুই মিনিটের এই মিছিল হয়। অবশ্য মিছিল-পরবর্তী অভিযান চালিয়ে একজনকে আটকের কথা জানিয়েছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান।

জানা গেছে, রবিবার রাত সোয়া ১১টার পর ১৫ থেকে ২০ জন যুবক জড়ো হন মিমি সুপার মার্কেটের সামনে। এরপর তারা হঠাৎ করে ‘আমরা কারা, শেখ হাসিনা’, ‘তোমরা কারা, শেখ হাসিনা’, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, চলছে লড়াই, চলবে লড়াই, শেখ হাসিনা লড়বে এমন স্লোগান দিয়ে প্রবর্তক মোড় হয়ে বদনা শাহ মাজারের দিকে চলে যান।

এর আগে গত ১৮ অক্টোবর দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তিনটি ভিডিওতে দেখা যায়, রাত সাড়ে ১২টার দিকে ২০-৫০ জন তরুণ জামালখান এলাকায় কয়েক মিনিটের মিছিল করে সটকে পড়েন। মিছিলের অগ্রভাগে মোটরসাইকেল যোগে কয়েকজন ছিলেন। যাদের সবার মুখ মাস্কে ঢাকা। মিছিলে ‘শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’ বলে স্লোগান দেওয়া হয়। এরপর দ্রুত তারা ওই স্থান ত্যাগ করেন। ওই ঘটনার পর কোতোয়ালী থানা পুলিশ চারজন, চকবাজার একজন এবং পাঁচলাইশ থানা পুলিশ তিনজনকে আটক করে।