মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘হুমকি-ধামকি দিয়ে বাংলাদেশের জনগণকে রোধ করা যাবে না। শেখ হাসিনার যে ফাঁসির রায় হয়েছে, বাংলাদেশের জনগণ সেই রায় কার্যকর করতে চায়।’
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলে ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় সুফলভোগী খামারিদের মধ্যে বকনা বাছুর ও পশুখাদ্য বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, ‘সারা দেশের প্রান্তিক জনগণকে কীভাবে গড়ে তোলা যায়, অর্থনৈতিকভাবে শক্তিশালী করা যায়, সেই লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এই মানিকগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম এসে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন। প্রান্তিক খামারিরা যাতে নিজেদের সমৃদ্ধ করতে পারেন, খাল খননের পাশাপাশি মৎস্য খামার গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছিল।’
তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াও এই প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কাজ করেছেন। তাদেরই যোগ্য উত্তরসূরি আজকের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান। এই প্রান্তিক জনগোষ্ঠীর কীভাবে উন্নতি করা যায়, সে জন্য খাল খনন কর্মসূচি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছি। বিএনপি জনবান্ধব দল। বিএনপি যখন ক্ষমতায় আসে, জনগণ ভালো থাকে। জনগণকে ভালো রাখার চেষ্টা করি আমরা। আজ যাদের বকনা বাছুর বিতরণ করছি, এগুলো যদি ঠিকভাবে লালন-পালন করা হয়, একসময় তারা খামারিতে রূপান্তরিত হবেন। নিজেরাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন। এ জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার খুন-গুম করেছে। শিশু-বাচ্চাদের পর্যন্ত হত্যা করেছে। সেই সরকার জালেম, জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের বিতাড়িত করেছে। আজকে তারা বিভিন্ন ধরনের কথা বলে আবার আসতে চায়।’
শেখ হাসিনার উদ্দেশে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আপনার যে ফাঁসির রায় হয়েছে, সেই রায় বাংলাদেশের জনগণ কার্যকর করতে চায়। যে পরিমাণ খুন-গুম করেও কোনো অনুশোচনা নেই, তাকে দেশের মানুষ ছেড়ে দেবে না।’
তিনি আরও বলেন, ‘অনুশোচনা না করে হুমকি-ধামকি দেওয়া শুরু করেছে। হুমকি-ধামকি দিয়ে এই দেশের জনগণকে কি রোধ করা যায়? যাবে না। এই দেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। যতবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, ততবার গণতন্ত্র রক্ষার জন্য বিএনপি আন্দোলন করেছে।’
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ষড়যন্ত্রই যেন এই দেশে করতে না পারে। আমরা যদি সজাগ থাকি, ষড়যন্ত্র করে লাভ হবে না।’
বিশেষ অতিথির বক্তব্যে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর বলেন, ‘বিগত সরকারের সময়ে ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়ন হয়নি। প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নের নামে হরিলুট হয়েছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় চরাঞ্চলের ক্ষুদ্র ও প্রান্তিক মানুষের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় যে উদ্যোগ গ্রহণ করেছে, তাকে আমি সাধুবাদ জানাই। ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের মধ্যে বকনা গরু পালনের মাধ্যমে চরাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত সচিব ইমাম উদ্দিন কবির, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজ্জামান খান এবং প্রকল্প পরিচালক আব্দুর রহিম।
এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, শিবালয় সার্কেল, সাবরিনা ইয়াসমিন; উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস; দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার; জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু; উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম; জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক কৃষিবিষয়ক সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন; জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক; সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান আনিস; ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক; দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল মতিন মাস্টার; উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফেরদৌস রহমান; উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী; কৃষক দলের ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল কাদের সিদ্দিকী; জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি ও আক্তার হোসেন; জেলা যুবদলের সদস্য মোসলেম উদ্দিন; জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল; জেলা যুবদলের নেতা নাসির উদ্দিন; উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী গোলাম সালাউদ্দিন সেলিম; উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম; যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম; উপজেলা দলের সাধারণ সম্পাদক কামরুল হাসান; উপজেলা স্বেচ্ছাসেবক দলের সচিব রাজীব হাসান; জেলা ছাত্রদলের সিনিয়র সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ; সাংগঠনিক সম্পাদক শাকিব খান অয়ন; জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মো. অনিক হাসান; উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট হুমায়ুন কবির এলিট প্রমুখ।
অনুষ্ঠানের শেষে ২৫ জন সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও পশুখাদ্য বিতরণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।