বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

হবিগঞ্জের নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলে মারা গেছেন। নিহতরা হলেন নবীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর প্রানেশ দেবের মা অনিমা রানী দেব (৭৫) ও ভাই নিপেশ চন্দ্র দেব (৫৫)।

গতকাল সোমবার সকাল ১০টায় পৌরসভার গয়াহরি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পারিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে পৌরসভার গয়াহরি গ্রামের বাসিন্দা অনিমা রানী দেব বাড়ির বাথরুমে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকারে ছেলে নিপেশ চন্দ্র দেব ও স্বামী দুর্গাচরণ দেব ছুটে যান। এ সময় নিপেশ দেব মাকে বাঁচাতে জড়িয়ে ধরলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে অচেতন অবস্থায় মা ও ছেলেকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের পরিরার ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাহ করার আবেদন করায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।