বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সংস্কারের জন্য তিন মাসের বেশি সময় দরকার হওয়ার কথা না। জনগণ দ্রুত নির্বাচন চায়। তাই আগামী মার্চ-এপ্রিল মাসে নির্বাচন দিতে হবে।
শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে গুম-খুন ও গণহত্যার অভিযোগে বিচার দাবিতে গতকাল সোমবার বিকেলে বরিশালের বাকেরগঞ্জ কলেজ মাঠে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন। বাকেরগঞ্জ উপজেলা বিএনপি এ আয়োজন করে।
গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ্যানি বলেন, ‘লাখ লাখ কোটি কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগ। এখন সেই টাকা দিয়েই দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিগত ১৫-১৬ বছরের আন্দোলনে কেউ গুম-খুন হয়েছে, কেউ হামলা-মামলার শিকার হয়েছে। এসব অপকর্মে জড়িতদের সবাই এখনো গ্রেপ্তার হয়নি। খুনিদের বিচার না করলে সমাজ আঘাতপ্রাপ্ত হবে এবং দেশ ক্ষতিগ্রস্ত হবে।’