তিতুমীর কলেজের ভেতরে শিক্ষার্থীদের বিক্ষোভ, বাইরে পুলিশের অবস্থান

তিতুমীর কলেজর ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। অন্যদিকে আজ সকাল থেকে কলেজের বাইরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

দ্বিতীয় দিনের মতো আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। কলেজের বাইরে সড়কের একপাশে পুলিশের উপস্থিতি দেখা গেছে।

কলেজ ক্যাম্পাসে ফটকের কাছে শিক্ষার্থীরা ‘টিইউ টিইউ’, ‘অধ্যক্ষ না ভিসি’ বলে স্লোগান দেন। শিক্ষার্থীদের অবস্থানকে কেন্দ্র করে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনাস্থলে থাকা উপপুলিশ কমিশনার (অপারেশন) এ এফ এম তারিক হোসেন খান বলেন, পুলিশ সতর্ক অবস্থায় আছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান করে কর্মসূচি পালন করুক, পুলিশ এটাই চায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে পুলিশ তা খেয়াল রাখবে।

গতকাল শিক্ষার্থীদের অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধের পাশাপাশি ঢাকার সঙ্গে প্রায় সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। মহাখালী উড়ালসড়ক ও এর নিচের বিমানবন্দর সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। দিনভর চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়া সাধারণ যাত্রীরা।

অবরোধের শুরুতে শিক্ষার্থীদের প্রতিবন্ধকতা উপেক্ষা করে কমলাপুরগামী একটি ট্রেন দ্রুতগতিতে মহাখালী রেলক্রসিং অতিক্রম করে। রেলপথ অবরোধ করা শিক্ষার্থীরা তখন ক্ষুব্ধ হয়ে ট্রেনে পাথর ও ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে ট্রেনে থাকা কয়েকজন যাত্রী আহত হন এবং ট্রেনের কিছু জানালার কাচ ভেঙে যায়।