আন্তর্জাতিক পুরুষ দিবস ও বিশ্ব টয়লেট দিবস একই দিনে কেনো?

আজ ১৯ নভেম্বর, আন্তর্জাতিক পুরুষ দিবস ও বিশ্ব টয়লেট দিবস। একই দিনে বিশ্বব্যাপী পালন করা হয় এই দুই দিবস। এই নিয়ে রয়েছে অনেক কৌতুহল ও আলোচনা। আসলে কেনো একই দিনে এই দুই দিবস পালন করা হয়? এর পেছনে কি কোন কারণ রয়েছে নাকি কাকতালীয় ভাবেই এই দুই দিবসের উদ্ভব হয়েছে।

চলুন জেনে নেওয়া যাক দিবস দুটি পালনের উদ্দেশ্য ও এর পেছনের ইতিহাস। 

বিশ্ব পুরুষ দিবস

প্রতিবছর নভেম্বরের ১৯ তারিখ বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক পুরুষ দিবস। মূলত ষাটের দশক থেকেই পুরুষ দিবস পালনের জন্য লেখালেখি ও আলোচনা চলে। ১৯৬৮ সালে আমেরিকান সাংবাদিক জন পি হ্যারিস নিজের লেখায় এ দিবসটি পালনের গুরুত্ব তুলে ধরেন।

১৯২২ সাল থেকে সোভিয়েত ইউনিয়নে পালন করা হতো রেড আর্মি অ্যান্ড নেভি ডে। এই দিনটি পালন করা হতো মূলত পুরুষদের বীরত্ব আর ত্যাগের প্রতি সম্মান জানিয়ে।

১৯৯২ সালে প্রথমবার মাল্টাতে পুরুষ দিবস উদযাপন করা হয়, তবে তখন ৭ ফেব্রুয়ারি এই দিবস পালন করা হত। পরবর্তীতে ২০০৯ সালে এর তারিখ পরিবর্তন করে ১৯ নভেম্বর করা হয়।  

২০০২ সালে দিবসটির নামকরণ করা হয় ‘ডিফেন্ডার অফ দ্য ফাদারল্যান্ড ডে’। রাশিয়া, ইউক্রেনসহ তখনকার সময়ে সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে এই দিবসটি পালন করা হতো। এছাড়া নব্বই দশকের শুরুতে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও মাল্টায় কয়েকটি প্রতিষ্ঠান ফেব্রুয়ারিতে পুরুষ দিবস পালনের জন্য বেশ কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করেন। 

আন্তর্জাতিক পুরুষ দিবস ১৯৯৯ সালের ১৯ নভেম্বর ত্রিনিদাদ এন্ড টোবাগোতে প্রথমবারের মতো পালিত হয়। এরপর দিবসটি জাতিসংঘের সঙ্গে সঙ্গে পঞ্চাশটি দেশে ব্যক্তিগত ও সাংগঠনিকভাবে পালিত হয়ে আসছে। 

বিশ্ব টয়লেট দিবস

২০০১ সাল থেকে প্রতিবছর পালিত হয়ে আসছে দিনটি। শতভাগ টয়লেট সুবিধা নিশ্চিতকরণের বিষয়টি মাথায় রেখে বিশ্বের বিভিন্ন দেশ দিবসটি পালন করে থাকে। 

২০০১ সালে ওয়ার্ল্ড টয়লেট অর্গানাইজেশনের (WTO) প্রতিষ্ঠাতা জ্যাক সিম এ দিবস পালনের উদ্যোগ গ্রহণ করেন। ২০১৩ সালে জাতিসংঘ বিশ্ব টয়লেট দিবসকে একটি আনুষ্ঠানিক দিবস হিসেবে স্বীকৃতি দেয়। বিশ্বজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্যানিটেশন এবং সঠিক টয়লেট ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনটি পালন করা হয়।

বিশ্বের অনেক দেশই শৌচাগারের পরিচ্ছন্নতার ব্যাপারে পিছিয়ে রয়েছে। সারা বিশ্বে কোটি কোটি মানুষ এই অসুবিধার মধ্যে রয়েছেন। বিশেষ করে অল্প আয়ের দেশগুলোতে এই সমস্যা বেশি।

আর তাই বিশ্বের সব দেশকেই এই বিষয়ে পদক্ষেপ নিতে এবং মানুষকে সচেতন করতে বিশ্বব্যাপী এই দিবস পালন করা হয়। জাতিসংঘের সাসটেনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) অনুযায়ী ২০৩০ সালের মধ্যে সারা বিশ্বে সবার জন্য পরিচ্ছন্ন  শৌচাগার থাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

একই দিনে কেনো?

আন্তর্জাতিক পুরুষ দিবস ও বিশ্ব টয়লেট দিবস একই দিনে হওয়া আসলে পুরোই কাকতালীয় বিষয়। এই দুই দিবস একই দিনে পালনের পেছনে কোন নির্দিষ্ট কারণ নেই।