প্রেমে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে কোপাল বখাটে

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাসান সিকদার (২২) নামে এক বখাটেকে গ্রেপ্তার করেছে বেতাগী থানা পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের পুটিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ওই স্কুল ছাত্রীকে প্রথমে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

আহত স্কুল ছাত্রী তৃশা আক্তার উপজেলার সদর ইউনিয়নের রানিপুর এলাকার খোকন শিকদারের মেয়ে। তিনি পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, বখাটে হাসান শিকদার দীর্ঘদিন যাবত তৃশাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তবে তৃশা প্রেমের প্রস্তাবে সাড়া না দিলে বখাটে হাসান তাকে বিরক্ত করা শুরু করে। এক পর্যায়ে তৃশা তার পরিবারকে বিষয়টি জানালে তৃশার পরিবার হাসানের বাসায় গিয়ে নালিশ দিয়ে আসে। এতে হাসান তৃশার ওপর ক্ষিপ্ত হয়ে দা দিয়ে তার ওপর আক্রমণ করে। এতে তাঁর দুইটি আঙ্গুলসহ শরীরের বিভিন্ন জায়গা কেটে যায়। খবর পেয়ে বেতাগী থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে হামলায় ব্যবহৃত দা উদ্ধার করে।

এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম বলেন, স্কুলছাত্রী তৃশাকে আক্রমণকারী মূল আসামি হাসান শিকদারকে বেতাগী থানা পুলিশ আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।