সাবেক পাঁচবারের চেয়ারম্যান ও রাজনীতিবিদ মরহুম অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন চৌধুরীর অসমাপ্ত কাজ সম্পন্ন করা এবং এলাকার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মেহেদী হোসেন চৌধুরী সাকিব।
তিনি বলেন, আমি আপনাদের সন্তান। জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। আমার মরহুম বাবা সারা জীবন এই ইউনিয়ন ও আনোয়ারা উপজেলার মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। তিনি সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান এবং পাঁচবার বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে জনগণের ভালোবাসায় ধন্য হয়েছেন। বাবার সেই আদর্শ ধারণ করেই আমি আপনাদের খেদমতে আসতে চাই।
সোমবার (১৯ অক্টোবর) রাতে শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে ইঞ্জিনিয়ার সাকিব বলেন, বৈরাগ ইউনিয়নে ধর্ম-বর্ণ নির্বিশেষে কোনো ভেদাভেদ থাকবে না। সবাইকে সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একটি বৈষম্যহীন, আধুনিক ও সুন্দর বৈরাগ ইউনিয়ন গড়ে তোলা হবে।
পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি উপস্থিত পূজারি ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শুভেচ্ছা জানান।