ফরিদপুরের নগরকান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র মানুষের মধ্যে ৩০ কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার ঝাটুকদিয়া বাজারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আশরাফ মিয়ার বিরুদ্ধে ওজনে চাল কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়দের অভিযোগ, ডিলার আশরাফ মিয়া হতদরিদ্রদের জন্য বরাদ্দ ১৫ টাকা করে ৩০ কেজি চাল দেওয়ার স্থলে ২৭-২৮ কেজি করে চাল দিচ্ছেন। গত রবিবার সরেজমিনে গিয়েও ডিলারের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
চাল নিতে আসা একাধিক ব্যক্তি আভিযোগ করে বলেন, চাল কম দেওয়া ছাড়াও অনেকের টিপসই নিজের লোকদের দিয়ে করিয়ে চাল তুলে তা বিক্রি করে দিচ্ছেন ডিলার। ট্যাগ অফিসারকে ম্যানেজ করে চাল কম দেওয়াসহ নানা অনিয়মের সঙ্গে জড়িত তিনি। অভিযোগের বিষয়ে ডিলার আশরাফের সঙ্গে কথা হলে তিনি সাংবাদিকদের কোনো তথ্য দিতে বাধ্য নন বলে জানান। এ ব্যাপারে নগরকান্দা উপজেলা সহকারী প্রকৌশলী ও ট্যাগ অফিসার নাইমুজ্জামান বিশ্বাস বলেন, ‘আমি ডিলার পয়েন্টে থাকতে না পরলেও আমার একজন প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন। তবে সাংবাদিকরা ওজনে চাল কম দেওয়ার কোনো সত্যতা পায়নি।’
নগরকান্দা সিএসডির খাদ্য কর্মকর্তা শাহনেওয়াজ আলম বলেন, ‘দীর্ঘদিন ধরে ডিলার আশরাফের বিরুদ্ধে চাল কম দেওয়ার অভিযোগ রয়েছে। এ রকম একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত করে এর সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।’
নগরকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবির বলেন, ‘ডিলারের বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে অবশ্যই তা খতিয়ে দেখা হবে। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের জন্য বরাদ্দ ৩০ কেজি করে চাল কম দেওয়ার কোনো সুযোগ নেই।’