গাসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আটক

ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্ত থেকে আটক হয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সোমবার রাতে শার্শার শিকারপুর সীমান্ত থেকে তাকে আটক করে। ১ লাখ টাকা চুক্তিতে স্থানীয় এক দালালের মাধ্যমে তিনি ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

জানা গেছে, আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ড টঙ্গীর সাবেক কাউন্সিলর ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক দুবারের ভারপ্রাপ্ত মেয়র। তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি। ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে কিরণ কাউন্সিলর হন। সেই মেয়াদে নির্বাচিত মেয়র বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এমএ মান্নানকে মিথ্যা মামলায় জেলে দিয়ে কিরণ ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে বসেন। মেয়র মান্নান জামিন পেলেও একাধিকবার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে ২৭ মাস দায়িত্ব পালন করেন কিরণ। পরবর্তী সময় আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম মেয়র হলে ২০২১ সালে তাকে সরিয়ে আবার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে তিনি চেয়ারে বসেন। দুই মেয়াদে প্রায় একটি পূর্ণ সময়ে মেয়রের দায়িত্ব পালন করেন তিনি।

গাজীপুর মহানগরের মানুষ গাজীপুর সিটি করপোরেশনের টাকা ও ক্ষমতাখেকো হিসেবে কিরণকে চেনে। বিপুল অর্থ সম্পদের মালিক কিরণের দেশ-বিদেশে একাধিক বাড়ি ও দ্বৈত নাগরিকত্বের অভিযোগ রয়েছে।

গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র থাকার সময় কমিশন বাণিজ্যসহ তার বিরুদ্ধে শত শত কোটি টাকা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে।