নিজ দেশের দর্শকদের দুয়ো শুনেও ‘গর্বিত’ রাফিনহা

উরুগুয়ের সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ ড্র করে দর্শকদের তোপের মুখে পড়েছে ব্রাজিল। ঘরের মাঠে বুধবার সকালে অনুষ্ঠিত ম্যাচটি তারা ১-১ ড্র করে। ম্যাচ শেষ হতেই গ্যালারি থেকে ব্রাজিলিয়ান ফুটবলারদের দুয়ো দেন দর্শকরা। রাফিনহা অবশ্য এতে বিচলিত নন। বরং তিনি দলের পারফর্মেন্সে গর্বিত।

ক্লাব ও দেশের হয়ে দারুণ ফর্মে থাকা রাফিনহা আজকের ম্যাচে তেমন কিছুই করতে পারেননি। ম্যাচের শেষ দিকেই দর্শকদের অসন্তুষ্টি স্পষ্ট হয়ে উঠছিল। ভেসে আসছিল দুয়োধ্বনি। দর্শকদের অমন প্রতিক্রিয়ার কারণ নিয়ে রাফিনহা বলেন, ‘আমার মনে হয়, দুয়ো দেওয়া হয়েছে মূলত ফলাফলের জন্য। কারণ, আমার তো মনে হয়, আমরা নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছি।’

সালভাদরে অনুষ্ঠিত ম্যাচটি ড্র করায় পয়েন্ট তালিকায় পাঁচে নেমে গেছে ব্রাজিল। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। এরপরও রাফিনহা গর্বিত, ‘আজকে যারা খেলেছে, সবাইকে নিয়ে আমি গর্বিত। এমনকি যারা বেঞ্চে ছিল, তাদেরকে নিয়েও। (কাঙ্ক্ষিত) ফলাফল পাওয়ার জন্য যা কিছু করা সম্ভব, সবকিছুই আমরা করেছি। ভালো ফুটবলের অনেক কিছুই আমরা খেলেছি এবং মাথা উঁচুই রাখতে পারি।’