ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টে লিটন দাসের একাদশে থাকা নিশ্চিত। তবে আরও দুই উইকেটকিপার ব্যাটসম্যান জাকের আলী ও মাহিদুল ইসলামের মধ্যে একজন জায়গা পাবেন একাদশে। প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স এবং নিজেদের দক্ষতা দিয়ে একাদশে জায়গা পাওয়ার এই লড়াইয়ে মুখোমুখি হয়েছেন তারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের সামাজিক যোগাযোগমাধ্যম পেজে একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে জাকের ও মাহিদুল একে অপরের সাক্ষাৎকার নিয়েছেন। দুই ক্রিকেটারের এই মুহূর্তের অভিজ্ঞতা ও ভাবনাগুলো উঠে এসেছে সেই ভিডিওতে।
দুজনেরই টেস্ট অভিষেক হয়েছিল সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে। ঢাকা টেস্টে অভিষেক হওয়া জাকের প্রথম ইনিংসে মাত্র ২ রান করলেও দ্বিতীয় ইনিংসে দলের দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ রান করেন। পরের চট্টগ্রাম টেস্টে চোটে জাকের ছিটকে গেলে জাতীয় দলে অভিষেক হয় মাহিদুলের, যিনি প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে ২৯ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজ সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে ছয়ে নেমে জাকের আলী করেন ৪৮ রান, আর সাতে নেমে মাহিদুল ইসলাম করেন ৪১। দুজনের মধ্যে গড়া ৮১ রানের জুটি মাঠে তাদের বোঝাপড়ার আভাস দেয়। প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স নিয়ে মাহিদুল জানতে চান জাকেরের পরিকল্পনার কথা।
জাকের জানান, উইকেটের আচরণ বোঝার ওপর জোর দিয়েই তাঁর ব্যাটিং পরিকল্পনা সাজানো ছিল। তিনি বলেন, ‘এখানের কন্ডিশন আমাদের জন্য নতুন। উইকেট কেমন আচরণ করে, সেটা বুঝে পরিকল্পনা করেছি। উইকেট একটু স্লো ছিল। পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করেছি এবং আগে থেকে সুইংয়ের জন্য প্রস্তুতি ছিল, সেটাই কাজে লাগানোর চেষ্টা করেছি।’
অ্যান্টিগায় প্রথম টেস্ট শুরু হবে আগামী শুক্রবার। একাদশে জায়গা করে নিতে জাকের ও মাহিদুলের প্রস্তুতি এবং পারফরম্যান্স এখন নির্বাচকদের বিবেচনার কেন্দ্রবিন্দুতে।
উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে কোন আট দল
নাদালের শেষ একক ম্যাচ, কিংবদন্তির বিদায়