মঙ্গলবার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স একটি নতুন সিরিজের ঘোষণা করেছে। গৌরী খানের প্রযোজনায় এই সিরিজ়ের মাধ্যমেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন শাহরুখ-পুত্র আরিয়ান খান।
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই সিরিজটি বলিউডের একটি বাইরের চরিত্রের গল্প তুলে ধরবে, যিনি সিনেমা জগতে সফলতা অর্জনের জন্য সংগ্রাম করছেন। ২০২৫ সালে সিরিজটি মুক্তি পাবে।
এই সুখবর শাহরুখ তার এক্সে সকলকে জানিয়ে বলেন, "এটি হবে হৃদয়, পরিশ্রম এবং বিপুল বিনোদনের এক অভিজ্ঞতা।"
এদিকে, ‘ইমার্জেন্সি’ অভিনেত্রী কঙ্গনা রানাউত আরিয়ান খানের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে তার ইনস্টাগ্রাম স্টোরিতে সিরিজটির ঘোষণা শেয়ার করেছেন। কঙ্গনা উল্লেখ করেছেন, "ফিল্ম পরিবারের সন্তানরা সাধারণত অভিনয়কেই ক্যারিয়ার হিসেবে বেছে নেয়, তবে আরিয়ান খানের এই পথটি ভিন্ন এবং প্রশংসনীয়।"
এই বিতর্কিত অভিনেত্রী আরও বলেন, "আমরা যদি ভারতের সিনেমার মান উন্নত করতে চাই, তবে আমাদের আরোও বেশি চলচ্চিত্র নির্মাতার ও ক্যামেরার পিছনের মানুষ প্রয়োজন। পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে তার প্রথম কাজ দেখার অপেক্ষায় রইলাম"।
আরিয়ানের এই সিরিজটি একটি মাল্টি-জেনার প্রকল্প, যা বলিউডের গ্লিটজ এবং চ্যালেঞ্জিং দিকগুলো মজাদার ও হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করবে। শাহরুখ খান আশা করছেন, এই সিরিজটি একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে দর্শকদের কাছে পৌঁছাবে।