সাবিনার হাতে ২০ লাখ টাকা তুলে দিলেন ফারুক

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৪:৪৪ পিএম

টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন জাতীয় নারী দলের ফুটবলাররা। সাথে সাথেই তাদের জন্য ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অল্প সময়ের ব্যবধানেই সেই অর্থ মেয়েদের বুঝিয়ে দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

আজ বুধবার বিসিবি কার্যালয়ে সাফজয়ী নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে চেক তুলে দেওয়া হয়। এসময় এসময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন, ফাহিম সিনহা, নারী ফুটবল দলের ম্যানেজার মাহমুদা আক্তার। অধিনায়ক সাবিনা খাতুনের হাতে পুরস্কারের টাকা তুলে দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

চেক তুলে দেওয়ার পর বোর্ড সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আপনারা জানেন যে আমরা সাফে চ্যাম্পিয়ন হয়েছি। এখানে ক্রিকেট, ফুটবল আলাদা কিছু না। পুরোটা মিলিয়েই স্পোর্টস। বাংলাদেশি হিসেবে আমরা অনেক বেশি গর্বিত। আরও বেশি খুশি কারণ, টানা দুইবার চ্যাম্পিয়ন হতে পেরেছে। এটা মোটেও ফ্লুক নয়। মেয়েদের দল আবার সেটা প্রমাণ করেছে। আমাদের যেভাবে তারা গর্বিত করেছেন, তাদের আবার ধন্যবাদ জানাচ্ছি। আশা করবো, ফুটবল ফেডারেশনের নতুন সভাপতির নেতৃত্বে নারী ফুটবল আরও এগিয়ে যাবে।’

ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন বিসিবিকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি ক্রিকেট বোর্ডের সকল সম্মানিত পরিচালকদের, বিশেষ করে বোর্ডের সভাপতিকে। গতবার সাফ চ্যাম্পিয়ন হওয়ার পরও ক্রিকেট বোর্ড আমাদের পাশে ছিলেন, এবারও তারা আছেন। ক্রিকেট বোর্ডের এই বিষয়গুলো আমাদের অনুপ্রাণিত করে। সকল সেক্টর থেকে সবাই আমাদের যেভাবে মোটিভেট করে, সেটি আমাদের জন্য আনন্দের। ’

২০২২ সালে সাফ চ্যাম্পিয়নশিপে ট্রফি জেতার পর বিসিবির পক্ষ থেকে নারী ৫০ লাখ টাকা ফুটবলারদের আর্থিক পুরস্কার দেয়া হয়েছিল। কিন্তু তৎকালীন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আর সাবেক বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের দ্বন্দ্বের কারণে সেই টাকা বুঝিয়ে দেওয়া নিয়ে অনেক নাটক হয়েছিল। এবার এমন কিছু হয়নি। তবে এবার অবশ্য টাকার অংক অর্ধেকেরও কম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত