বাড়তি ভাড়া নেওয়ার প্রতিবাদ ও মানহীন সেবার অভিযোগ এনে নরসিংদী বাস টার্মিনাল থেকে ঢাকার গুলিস্তানগামী ‘মেঘালয় লাক্সারি’ পরিবহনের বাস বয়কটের ডাক দিয়ে বাস টার্মিনাল অবরোধ করেছেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থীরা আন্তঃজেলা বাস টার্মিনাল ব্লক করে রাখেন।
এর আগে, গত মঙ্গলবার থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মেঘালয় লাক্সারি বয়কটের ডাক দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে, এক কিলোমিটারে যাত্রীপ্রতি ভাড়া ২ টাকা ১২ পয়সা। সেই হিসাবে, নরসিংদী থেকে ঢাকার দূরত্ব ৫২ কিলোমিটার। নিয়ম অনুযায়ী নরসিংদী থেকে ঢাকার ভাড়া ১১০ টাকা। কিন্তু এই পরিবহনটি ভাড়া নিচ্ছে ১৫০ টাকা। এ ব্যাপারে জেলা বাস মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেনকে মোবাইল ফোনে কল দিলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।