ছাত্র-জনতার আন্দোলনে রাষ্ট্রক্ষমতাচ্যুত আওয়ামী লীগ রাজনীতি বা নির্বাচন করবে কি না, তা দেশের জনগণ ঠিক করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিক দল। তারা রাজনীতি করবে বা নির্বাচন করবে কি না, তা জনগণ ঠিক করবে। তবে যারা দেশের মানুষ হত্যা করেছে, মানুষকে নির্যাতন করেছে এবং যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, তাদের অবশ্যই আইনের আওতায় এনে বিচার করতে হবে এবং শাস্তি দিতে হবে।’ গতকাল বুধবার ফেনীর ফুলগাজীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ির সামনে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ ইস্যুতে আরও বলেন, ‘জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতন হয়েছে। হাসিনাসহ দস্যুরা পালিয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার তিন মাসের মধ্যে অনেক কাজ করেছে। যত দ্রুত সম্ভব তারা জঞ্জাল সরিয়ে নির্বাচনের ব্যবস্থা করবে। আমরা কাউকে নির্বাচনে আনতে চাই এমনটা বলিনি। গণমাধ্যমে বিষয়টি সঠিকভাবে আসেনি।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য শিগগির যুক্তরাজ্যে পাঠানো হবে বলে জানান দলের মহাসচিব। তিনি বলেন, ‘খালেদা জিয়া দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই-সংগ্রাম করেছেন। বিগত সরকার মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করে। ছোট্ট একটি স্যাঁতসেঁতে কক্ষে তাকে আটকে রাখা হয়েছিল। তিনি অসুস্থ। তাকে সহসাই চিকিৎসার জন্য বিলেত পাঠানো হবে। আজ বেগম জিয়ার ভালোবাসা ও শুভেচ্ছা জানাতে আপনাদের এলাকায় এসেছি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, অধ্যাপক জয়নাল আবেদীন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন, ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন ফেনী-১ আসনের বিএনপির সাংগঠনিক সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, খালেদা জিয়ার উপদেষ্টা ও ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন এবং সাবেক নারী সংসদ সদস্য রাহেনা আক্তার। এতে সভাপতিত্ব করেন ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন।
অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম উপস্থিত শিশুশিক্ষার্থীদের হাতে খাতা-কলমসহ শিক্ষা উপকরণ এবং এলাকাবাসীর মধ্যে ঢেউটিন বিতরণ করেন।