টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ১৪ হাসপাতালে মানববন্ধন

স্বতন্ত্র পরিদপ্তর গঠন ও ডিপ্লোমাধারীদের দশম গ্রেড পদমর্যাদা প্রদানসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে ‘বৈষম্যবিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ’। গতকাল বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ একযোগে রাজধানীর ১৪টি সরকারি হাসপাতালে এই মানববন্ধন হয়।

এ সময় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অভিযোগ করেন, ৪০ হাজারেরও বেশি পেশাজীবী মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের কোনো স্বতন্ত্র পরিদপ্তর বা উইং নেই। দীর্ঘ ১৪ বছরেরও অধিক সময় ধরে প্রশাসনিক জটিলতায় মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ কার্যক্রম বন্ধ থাকায় সরকারি চাকরিতে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টদের সংখ্যা মাত্র ৪ হাজার ১০৬। অথচ দরকার ৮০ হাজারেরও বেশি। মেডিকেল টেকনোলজি গ্র্যাজুয়েটদের জন্য কোনো ধরনের পদ সৃজন করা হয়নি।

এ ব্যাপারে পরিষদের সভাপতি আব্দুস সামাদ ও মহাসচিব মো. রিপন শিকদার অভিযোগ করেন, সেবার এই গুরুত্বপূর্ণ পেশাজীবীদের প্রতি দীর্ঘকাল ধরে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। এসব দাবি নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ অন্য কর্মকর্তাদের সঙ্গে পরিষদ নেতাদের একাধিক বৈঠক হয়েছে। তারা দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। সর্বশেষ গত ১৩ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ে পরিষদ নেতাদের ডেকে দাবি পূরণের আশ^াস দেন সরকারের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। কিন্তু গত পাঁচ দিনেও স্বাস্থ্য অধিদপ্তর দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। ফলে একযোগে এই মানববন্ধন করা হয়েছে।

মানববন্ধন থেকে ৬ দফা দাবি তুলে ধরা হয়। এগুলো হলোÑ স্বতন্ত্র পরিদপ্তর গঠন, নিয়োগ, ক্যারিয়ার প্ল্যান, ঢাকা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিকে (আইএইচটি) বিশ^বিদ্যালয়ে রূপান্তর, পেশাদার লাইসেন্স প্রদান, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন এবং সব অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা, স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু।