অবশেষে মৌলভীবাজার থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) মিজানুর রহমান শরীফকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। এর আগে বুধবার মিজানুর রহমানকে সাতক্ষীরায় বদলি করে অফিস আদেশ জারি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গত ২৮ মার্চ ‘ঘুরে বেড়ান আর চাঁদা তোলেন মাদকের কর্তা’ শিরোনামে দেশ রূপান্তরে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে তার বিরুদ্ধে তদন্তসহ বিভাগীয় মামলা দায়ের করে অধিদপ্তর। সবশেষ ৪ নভেম্বর মামলার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব তাহনিয়া রহমান চৌধুরীর উপস্থিতিতে তার কার্যালয়ে তদন্ত শুনানি অনুষ্ঠিত হয়।
অভিযোগ রয়েছে, মৌলভীবাজারে যোগদানের পর থেকে নানা অনিয়মে জড়িয়ে পড়েন এই কর্মকর্তা। চাঁদা না দিলে বিভিন্নভাবে হয়রানি করারও অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এ নিয়ে জেলার ২৩ জন পাট্টা ব্যবসায়ী মাদকদ্রব্যের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দেন। তাদের কাছে তিনি মাসিক চাঁদা দাবি করতেন বলেও অভিযোগে উল্লেখ করেন লাইসেন্সধারী পাট্টার ব্যবসায়ীরা।