মঞ্চ থেকে ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করায় পুলিশের ওপর হামলা

আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০৫:৪৬ পিএম

নীলফামারীর কিশোরগঞ্জে মোকলেছুর রহমান বিমান (৪২) নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে গ্রেপ্তার করায় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর করে। এতে ৪ পুলিশ সদস্য আহত হন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে জানাননি তিনি।

গ্রেপ্তার মোকলেছুর রহমান উপজেলার রনচন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি। তিনি রনচন্ডী ইউনিয়নের উত্তর বাফলা গ্রামের মৃত ওমর আলীর ছেলে।

জানা যায়, দুপুরে রনচন্ডী স্কুল অ্যান্ড কলেজের নবীণবরন অনুষ্ঠান চলছিল। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মৌসুমি হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান। পরে বক্তব্য শেষে তাকে মঞ্চ থেকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি আশরাফুল ইসলাম জানান, ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোখলেছুর রহমানকে থানায় নিয়ে আসার সময়ে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর করে। এসময় অভিযানে থাকা ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত