সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে লড়ব : পান্না

সুযোগ পেলে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করবেন বলে জানিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী এবং মানবাধিকারকর্মী জেড আই খান পান্না। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নে জেড আই খান পান্না বলেন, ‘যদি সুযোগ হয়, শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল) লড়াই করব। শুধু ট্রাইব্যুনাল নয় সব মামলাতেই।’ বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে ছিলেন, এখন আপনার অবস্থান পরিবর্তন হয়েছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি আমার অবস্থান পরিবর্তন করিনি। আমি সবসময় নিপীড়িতের পক্ষে। শেখ হাসিনা রাজনৈতিক নিপীড়নের শিকার হচ্ছেন বলেও আমি মনে করি।’

জেড আই খান পান্না এসব মন্তব্যের বিষয়ে দেশ রূপান্তরকে বলেন, ‘তাকে তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ তো যেকোনো মানুষের আছে।’ শেখ হাসিনা পলাতক আছেন, সে ক্ষেত্রে আইনি লড়াই করবেন কীভাবে এমন প্রশ্নে তিনি বলেন, ‘স্টেট ডিফেন্স (রাষ্ট্র নিযুক্ত) আইনজীবী হিসেবে। রাষ্ট্র যদি আমাকে তার পক্ষে নিয়োগ দেয় মামলা করব।’ তিনি বলেন, ‘মামলা চলছে গণহারে এবং একই স্ক্রিপ্টে। ২০০/৩০০/৫০০ লোককে আসামি করা হচ্ছে। কোথাও কোথাও এমনভাবে মামলা হচ্ছে অকল্পনীয়। আমার মনে হয় স্বাধীনতা যুদ্ধের পরে এবারই গণহারে মামলা হচ্ছে।’ অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ড. ইউনূস বোধহয় বুঝতে পারছেন যে, সংশোধন এগুলো করা ঠিক হবে না। উনি (ড. ইউনূস) বলেছেন, রাজনৈতিক দল যদি সংস্কার না চায়, তাহলে নির্বাচন দিয়ে চলে যাবেন। তিনি আক্ষেপ আর অভিমানের সুরেই বলুক, সেটা বলেছেন। এটা বাস্তবতা। এই সরকারের প্রাথমিক দায়িত্ব নির্বিঘেœ লেবেল প্লেয়িং ফিল্ডে একটা নির্বাচন করা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। আর কিছুই না।’