হিমালয়ের দেশ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা তিন দিন ধরে বেড়ে চলেছে শীতের তীব্রতা। শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল ২১ নভেম্বর তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং ২০ নভেম্বর ১৫ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোরে কাজ শুরু করেছেন বিভিন্ন শ্রমিক, দিনমজুর, চা ও পাথর শ্রমিক, ভ্যানচালক এবং কৃষকরা। শীতের কারণে শীতজনিত রোগও বেড়েছে। শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, শুক্রবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
তিনি আরও জানান, গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১৪-১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। বেশ ঠান্ডা পড়েছে। বিশেষ করে এ অঞ্চলটি হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছাকাছি হওয়ায় শীত অনুভত হয়।