শাক দিয়ে মাছ নয় ঢাকা ছিল গাঁজা

শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টার কথা আমরা শুনে বা বলে থাকি। কিন্তু এবার কুমিল্লার বুড়িচং নিমসাসার এলাকায় এশিয়া এয়ার্কন বাসে কুমড়া শাক দিয়ে ঢাকা ছিল ১৩ কেজি গাঁজা। এ ঘটনার সঙ্গে জড়িত দুই নারীকে আটক করেছে কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।

শুক্রবার (২২ নভেম্বর) সকালে উপজেলার নিমসার বাজারস্থ গাড়িচালকদের বিশ্রামাগারের সামনে এশিয়া এয়ার্কন বাসে তল্লাশি করে গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটক আসামিরা হলেন— কুমিল্লা জেলার তিতাস উপজেলার কাশিপুর গ্রামের মৃত শরীফ আলীর মেয়ে জাহানারা (৫০) ও গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানার গোবাহাড়া এলাকার মৃত ইয়াদ আলী মোল্লার মেয়ে জুবেদা বেগম (৪৭)।

ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, তারা দীর্ঘদিন এ মাদক পাচার করে আসছে। আমাদের চৌকস অফিসারদের অভিযানে এদের গ্রেপ্তার করতে সক্ষম হই। আসামিদের বিরুদ্ধে বুড়িচং থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।