আচরণবিধি লঙ্ঘনের দায়ে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে ৮ খেলোয়াড় এবং একজন ক্লাব কর্মকর্তাকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবাইকে ১ বছরের জন্য নিষিদ্ধ ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
শাস্তি পাওয়া ক্রিকেটাররা হলেন- তেজগাঁও ক্রিকেট একাডেমির ইয়াসিন আরাফাত, রিফাত আল ইমন (অনিক), তাসিন আহমেদ রনবি, রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয়, স্যাফায়ার স্পোর্টিংয়ের রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মদ হৃদয় এবং তেজগাঁওয়ের টিম অফিশিয়াল রবিন।
জানা গেছে, গত ১৮ নভেম্বর পিকেএসফের ১ নম্বর মাঠে সুপার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল তেজগাঁও ক্রিকেট একাডেমি ও স্যাফায়ার স্পোর্টিং ক্লাব। খেলার এক পর্যায়ে দুই দলের ক্রিকেটাররা ঝগড়ায় জড়ান। তেজগাঁওয়ের টিম অফিশিয়াল রবিনও এতে জড়িয়ে পড়েন। ম্যাচ রেফারির অভিযোগের ভিত্তিতে আচরণবিধির ২.১৯ এর অধীনে লেভেল ৪ অপরাধে তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়।
বিষয়টি নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘বিসিবি ঘরোয়া প্রতিযোগিতার কোনো স্তরেই শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে নমনীয় হবে না। এটি সব খেলোয়াড় এবং কর্মকর্তাদের জন্য একটি বার্তা হোক যে, আচরণবিধি লঙ্ঘনের যে কোনো ঘটনা বোর্ড কঠোরভাবে মোকাবেলা করবে।’