কর্মীসভা নিয়ে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১০ 

কুমিল্লার নাঙ্গলকোটে একই স্থানে যুবদলের কর্মীসভা নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার পেরিয়া ইউপির পেরিয়া বাজারে এ ঘটনা ঘটে। রাতে মোবাশ্বের আলম ভূঁইয়ার বিরুদ্ধে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন গফুর ভূঁইয়া গ্রুপের লোকজন।
 
এলাকাবাসী সূত্রে জানা যায়, সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া গ্রুপের যুবদলের যুগ্ম আহবায়ক খন্দকার মো. হাবিব ও জসিম উদ্দিনের নেতৃত্বে শুক্রবার বিকাল ৩টায় পেরিয়া বাজারে ইউনিয়ন কর্মীসভার আয়োজন করা হয়। একই স্থানে সাবেক উপজেলা বিএনপির সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়া গ্রুপের যুবদল সদস্য আব্দুল কাদের ও মিলনের নেতৃত্বে কর্মীসভার আয়োজন করা হয়। একই স্থানে দু'গ্রুপের মিটিং হওয়াই আব্দুল গফুর ভূঁইয়া, মোবাশ্বের আলম ভূইয়া ও বর্তমান উপজেলা বিএনপির আহবায়ক নজির আহম্মেদ ভূঁইয়া গ্রুপের নেতাদের নিয়ে বৃহস্পতিবার রাতে পেরিয়া বাজারে বসে সবার সিদ্ধান্ত নিয়ে শুক্রবার বিকেলের মিটিং স্থগিত করা হয়। পরে মোবাশ্বের আলম ভূঁইয়া গ্রুপের কাদের ও মিলন কর্মী সভার আয়োজন করে মিটিং করলে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়। 

এ বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক খন্দকার মো. মিলনের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

এ বিষয়ে যুবদল নেতা মিলন বলেন, উপজেলা নেতাদের সঙ্গে আলোচনা করে আমরা আগ থেকে পেরিয়া বাজারে পোগ্রামে আয়োজন করি। কিন্তু গফুর ভূঁইয়া গ্রুপের লোকজন আমাদের পোগ্রামের বাধা দিয়ে গেট ও স্টেজ ভাঙচুর করে। আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের অনেক লোক আহত হয়। এখন আমি বাড়িতে যেতে পারছি না। ওই গ্রুপের লোকজন আমার বাড়ি ভাঙচুর করার জন্য আসেন। 

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা উন্নয়ন সংগ্রহ পরিষদের সভাপতি আবু সায়েম আজাদ বলেন, একই স্থানে দু'গ্রুপের মিটিংয়ের আয়োজন করেন। আমরা বিএনপির তিন গ্রুপের নেতাদের নিয়ে বসে প্রোগ্রাম স্থগিত করি। কিন্তু তা অমান্য করে মোবাশ্বের আলম ভূঁইয়া গ্রুপের লোকজন প্রোগ্রাম আয়োজন করে। গফুর ভূঁইয়া গ্রুপের লোকজন গেলে তাদের ওপর হামলা চালায়। এতে ৫-৬ জন আহত হয়। আমরা মোবাশ্বের আলম ভূঁইয়ার বিরুদ্ধে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করি। 

এ বিষয়ে উপজেলা যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম মনির বলেন, পেরিয়া বাজারে মোবাশ্বের আলম ভূঁইয়া গ্রুপের পক্ষ থেকে কর্মী সভা আয়োজন করেন কাদের ও মিলন। সে অনুযায়ী আমরা প্রোগ্রাম শেষ করে যাওয়ার পথে কিছু লোকজন আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের ৪-৫ জন কর্মী আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। 

এ বিষয়ে সাবেক উপজেলা বিএনপির সভাপতি মোবাশ্বের আলম ভূইয়া বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী পেরিয়া বাজারে আমাদের প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম শেষে ফেরার পথে আমাদের লোকজনের ওপর হামলা চালায়। আপনারা বুঝে নেন কারা হামলা চালাতে পারে। আমি ভদ্র রাজনীতি করি। 

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে পরিস্থিতি শান্ত। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।